মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী : পল্লী বিদ্যুতের মিনি ঠিকাদারদের রেট শিডিউল ৮০% বৃদ্ধি এবং পুরাতন রেট শিডিউল বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল ৩০ জুলাই দুপুর ১২টায় ফরিদপুর জোনের পল্লী বিদ্যুৎ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বাগেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মিনি ঠিকাদাররা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—খন্দকার জহিরুল ইসলাম, সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি,মোহাম্মদ মজিবর রহমান, সহ-অর্থ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,অনিক মোল্লা, সাধারণ সম্পাদক, ফরিদপুর জোন,মোহাম্মদ মেহেদী হাসান, সমাজ কল্যাণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,মোহাম্মদ মিজান, সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর জোন
মো. ইমদাদুল, সহ-সভাপতি, ফরিদপুর পবিস,মোহাম্মদ সাইফুল ইসলাম, সহ-সভাপতি, রাজবাড়ী পবিস,মোহাম্মদ করিম খান, সাধারণ সম্পাদক, মাদারীপুর পবিস,খন্দকার রেজাউল কবির, সম্পাদকসহ অনেকে।
বক্তারা বলেন, “আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ছয় জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে দীর্ঘদিন ধরে মিনি ঠিকাদার হিসেবে কাজ করে আসছি। ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখেছি। অথচ দীর্ঘ ৮ বছর ধরে রেট শিডিউল বাড়েনি। এতে আমাদের প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
তারা আরও জানান, আগামী ১০ দিনের মধ্যে রেট শিডিউল না বাড়ানো হলে তারা সব ধরনের কার্যক্রম স্থগিত রেখে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন।
মানববন্ধন শেষে মিনি ঠিকাদারদের পক্ষ থেকে রেট শিডিউল বৃদ্ধির দাবিতে একটি স্মারকলিপি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পক্ষে উপ-পরিচালক (কারিগরি) মাসুদ রানা গ্রহণ করেন।