ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ও জনবান্ধবহীন আখ্যা দিয়ে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, এ ধরনের উচ্চবিলাসী বাজেট দেশের জনগণের অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি করবে।
শনিবার রাজধানীর উত্তরা নর্থ কনফারেন্স সেন্টারে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত ‘বাজেট পর্যালোচনা সভা’-য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুনতাসির আলী বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে উচ্চ সুদে ঋণ নিতে হবে। বিশেষ করে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি অদূর ভবিষ্যতে আরও গভীর সংকটে পড়তে পারে। একই সঙ্গে তিনি ঘুষ ও দুর্নীতি দমন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা ও অপচয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান ফরাজী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক হাসান এবং প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়াসহ সংগঠনের নেতারা।