• ঢাকা |

দৌলতখানকে প্রসূতি ফিস্টুলা মুক্ত ঘোষণা


নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

এম এ মান্নান, ভোলা: ভোলা জেলার দৌলতখান উপজেলাকে প্রসূতি ফিস্টুলা মুক্ত ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায়, ভোলা জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন।
দৌলতখান উপজেলাকে প্রসূতি ফিস্টুলা মুক্ত ঘোষণা করার মুহূর্তে সভাকক্ষ করতালিতে মুখরিত হয়। এই কর্মশালায় বক্তারা বলেন, এই অর্জন নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা আরও বলেন, ভবিষ্যতে দৌলতখান উপজেলাকে প্রসূতি ফিস্টুলা মুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম, সময়োপযোগী রেফারেল ব্যবস্থা এবং মানসম্পন্ন প্রসূতি সেবা আরও জোরদার করা হবে।
 সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ তৈয়বুর রহমান, এডিসিসি (পরিবার পরিকল্পনা) ডাঃ অচিন্ত্য কুমার ঘোষ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ পরামর্শদাতা ডাঃ সুরাইয়া ইয়াসনুর, দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, দৌলতখান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শামসুল আলম (আরএমও), মেডিকেল অফিসার (এমও-সিএইচ) ডাঃ নাইমুল হাসনাত সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের নার্স, ধাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভোলা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক আয়োজিত এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।
কর্মশালায়, প্রসূতি ফিস্টুলা প্রতিরোধ, সনাক্তকরণ, চিকিৎসা এবং পুনর্বাসনে বিশেষ অবদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  একই সাথে, ফিস্টুলা সার্ভাইভার্দের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।