• ঢাকা |

তালায় চাঁদার দাবিতে সংখ্যালঘুর উপর হামলা, পিতা-কন্যা আহত


নিউজ প্রকাশের তারিখ : ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: সাতক্ষীরার তালায় মাগুরা আইডিয়াল মহিলা কলেজের প্রভাষক হিরন্ময় মন্ডল ও তার মেয়ে নাতাশা মন্ডল (৫) কে চাঁদার দাবিতে পথ আটকিয়ে মারধর করে টাকা ছিনতাই করেছে চাঁদাবাজ সজীব সরদার। সজিব সরদার খলিসখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেকের ছেলে। এঘটনায় ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

‎সোমবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় উপজেলার কৃষ্ণনগর ব্রীজের উপর এই ঘটনা ঘটে।

‎ভূক্তভোগী হিরন্ময় মন্ডল বলেন, আমার মেয়েটা খুবই অসুস্থ। দীর্ঘদিন যাবৎ ভারতে চিকিৎসা করাই। আজ সকালে মেয়েকে নিয়ে পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে কৃষ্ণনগর ব্রীজের উপর পৌছালে টিকারামপুর গ্রামের খালেক সরদারের ছেলে সজীব সরদার আমার চাঁদার দাবিতে আমার মোটরসাইকেল আটকানোর চেষ্টা করে। আমি দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করলে সে রড দিয়ে আমার মেয়ের মাথায় আঘাত করে। এসময় আমি মটরসাইকেল সহ পড়ে গেলে হাতে ও পায়ে বাড়ি মারে। আমার কাছে টাকা না থকায় তৃতীয় লিঙ্গের ২ ব্যক্তির কাছে থেকে হাওলাত করে ১ হাজার টাকা দিলে সে চলে যায়। এরপর স্থানীয়রা আমাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।

‎স্থানীয় একটি সূত্র জানায়, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে সজীব সরদার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। নিয়মিত মাদক সেবন, মাদক বিক্রি, চাঁদাবাজি, লুল্ঠন, দখল বাজিতে মেতে উঠেছে। তার ভয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ কথা বলতে সাহস পায় না। তার অপকর্মের কারণে এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক হওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট অত্যন্ত দুঃখজনক ঘটনা । তাকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, এঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।