• ঢাকা |

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের মাঠ জামায়াতের পক্ষে: আবদুল হালিম


নিউজ প্রকাশের তারিখ : ৭ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে ১১ দলীয় ঐক্য। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম দাবি করেছেন, নির্বাচনী পরিবেশ এখন জামায়াতের পক্ষে এবং ভোটাররা তাদের প্রার্থী দেলাওয়ার হোসেনকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি ও নির্বাচন পরিচালক মুহাম্মাদ আলমগীর।

মাওলানা আবদুল হালিম বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশা করছেন।

তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন শুধু স্থানীয় পর্যায়ের বিষয় নয়; জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে এ উপনির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দলের কেন্দ্রীয় নেতারা পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ে এসে নির্বাচনী প্রচারে অংশ নেবেন।

নির্বাচনে জয় পেতে ভোটারদের কাছে বারবার যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভোটারদের বোঝাতে হবে কার হাতে দেশ নিরাপদ থাকবে এবং কারা ক্ষমতায় গেলে ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব থাকবে না।

নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা আবদুল হালিম বলেন, ভোটারদের দেওয়া মূল্যবান ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কেন্দ্রের ভেতরে দায়িত্ব পালনকারীদেরও সজাগ থাকতে হবে, যাতে ভোট গণনার সময় কোনো ধরনের অনিয়মের মাধ্যমে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া না যায়।

তিনি আরও অভিযোগ করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে। সরকারি দলের লোকজনের চাঁদাবাজি ও দখলদারিত্বে মানুষ অতিষ্ঠ বলেও দাবি করেন তিনি। বিভিন্ন স্থানে ‘মব’ সৃষ্টির মাধ্যমে অরাজকতা তৈরির অভিযোগ তুলে এর উদাহরণ হিসেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনাকে উল্লেখ করেন তিনি।

সভায় ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন এবং ঠাকুরগাঁও জেলার সহকারী সেক্রেটারি ও সহকারী নির্বাচন পরিচালক অধ্যক্ষ কফিল উদ্দিন আহমাদসহ স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, নির্বাচনে বিজয়ী হতে হলে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের সর্বাত্মকভাবে একযোগে মাঠে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় অংশ নেওয়া জোটের নেতারা দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব বদিউজ্জামান (বাঘু), বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সাইদ আহমেদ সাঈফী, সাধারণ সম্পাদক মাওলানা ঈসমাইল বিন হায়দারসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা।

পঞ্চগড়ে সাবেক জামায়াত নেতার কবর জিয়ারত: নির্বাচনী কর্মসূচির পাশাপাশি বুধবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাছির উদ্দীন আহমদের কবর জিয়ারত করেন মাওলানা আবদুল হালিম।

এ সময় পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন এবং মরহুমের বড় ছেলে ও জেলা কর্মপরিষদ সদস্য শাহীদ আল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাওলানা মাছির উদ্দীন আহমদ গত ২৬ সেপ্টেম্বর মারা যান।