• ঢাকা |

সাংবাদিক বাচ্চুর ওপর হামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন  


নিউজ প্রকাশের তারিখ : ৯ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সিলেট ব্যুরো অফিস: সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলা এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট কোর্ট পয়েন্ট, বন্দর বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  
৯ মে, শনিবার সকাল ১১টায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামাল খান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাংবাদিক জুবের আহমদ সার্জন।  
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, কবি ও সাহিত্যিক এবং লেবার পার্টির জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান।  
মানববন্ধনে বক্তব্য রাখেন নুরুদ্দীন রাসেল, ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট; শাহান উদ্দিন নাজু, দৈনিক আলোকিত সকালের সিলেট জেলা প্রতিনিধি; আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক, স্বর্ণালী সাহিত্য পরিষদ সিলেট জেলা; লিমন আহমদ, দৈনিক জাগ্রত কণ্ঠের সিলেট জেলা প্রতিনিধি; সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ সংগ্রাম; শরিফ আহমদ, ফটোগ্রাফার, দৈনিক মাতৃজগৎ; মো. শিহাব উদ্দিন, সাপ্তাহিক জাতীয় তদন্ত রিপোর্টের সিলেট সদর প্রতিনিধি; আবুল কালাম, স্বদেশ প্রতিদিনের বিভাগীয় ব্যুরোচিফ; হোসেন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখা; মো. নিজাম উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার এবং সাংবাদিক আবুল কালাম ও সোহাগ।  
সাংবাদিক কামাল খান বলেন, “সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”  
বক্তারা বলেন, “একজন পেশাদার সাংবাদিকের ওপর এই বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি— অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।”  
প্রধান অতিথি দেওয়ান মতিউর রহমান খান বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো হামলার বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।  
মানববন্ধনে সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকরা অংশ নেন।  
উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি কে বাড়ি এলাকায় ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী বাহিনী হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে নৃশংস ও পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।