জহুরুল হক মিলু, নড়াইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ ও ২ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পযর্ন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাযার্লয় থেকে মোট ১৫ জন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে পুরো জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাযার্লয় চত্বর প্রার্থী ও তাঁদের অনুসারিদের পদচারণে মুখর হয়ে ওঠে।
জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদর একাংশ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দলন বাংলাদেশ প্রার্থী আব্দুল আজিজ (হাতপাখা),, জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস), লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস, এম, সাজ্জাদ হোসেন (ফুটবল), এবং সুকেশ সাহা আনন্দ (ঘোড়া) মোট ৭জন প্রার্থী।
নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনে প্রতীক নেওয়া ৮ জন প্রার্থী হলেন- বিএনপির মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশে’র প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), গণঅধিকার পরিষদ (জিওপি) মো. নুর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোট মো: শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস), ও ফরিদা ইয়াসমিন (জাহাজ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক বরাদ্দ পেয়ে দুপুরের পর থেকেই প্রার্থীরা সমর্থকদের সাথে নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শুরু করেছেন প্রচার-প্রচারণা।আবার কেউ কেউ প্রতীক পাওয়ার পর মিছিল নিয়ে বের হয়েছেন।
প্রতীক বরাদ্দের পর নড়াইল-১ আসনের বিএনপির মনোনীত প্র্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকের পক্ষে নড়াইল-১ আসনের জনগণ রায় দেবে। আমি আমার নির্বাচনি এলাকার জনগণের সুখ-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই।
নড়াইল- ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুল ইসলাম বলেন, (লেহাগড়া-নড়াইল সদর একাংশ) জনগণের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। ব্যক্তিগত জীবনে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। লোহাগড়া -নড়াইল সদর একাংশ আমার প্রাণের শহর, এই শহরের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার একমাত্র চাওয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ ও নড়াইল-২ আসন থেকে অংশ নিচ্ছেন ১৫ প্রার্থী। তাঁদের মধ্যে ১০ জন বিভিন্ন দলের এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।