রুহুল আমিন, বগুড়া জেলা সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে মোকামতলা বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক ট্রেডার্স’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান। তিনি বলেন, ফারুক মণ্ডলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মোকামতলা বাজারে অভিযান চালিয়ে ফারুক মণ্ডলকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পরে তাঁকে শিবগঞ্জ থানায় নেওয়া হয়।
ওসি শাহীনুজ্জামান আরও বলেন, ফারুক মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।