নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও ২০২৫ সালের নীতিমালায় যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়ন এবং অনুদানবিহীন শিক্ষকদের অনুদান দ্রুত ছাড়ের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি।
মঙ্গলবার বেলা ১০টায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন জেলা-উপজেলার শিক্ষক নেতারা অংশ নেন।
মানববন্ধন শেষে শিক্ষামন্ত্রী, সচিব এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তাদের দাবি: মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ আগস্ট ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শূন্য পদে কর্মরত অনুদানবিহীন শিক্ষকদের অনুদান ছাড়ের চূড়ান্ত অনুমোদন দিলেও ১০ মাস পেরিয়ে গেলেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখনো একজন শিক্ষকেরও অনুদান ছাড় করেনি। ফলে ১,৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থেকেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, ১৯৭৮ সালের অধ্যাদেশ ১৭(২) ধারা অনুযায়ী ১৯৮৪ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি দেওয়া হয়। ১৯৯৪ সালে শিক্ষকদের ৫০০ টাকা ভাতা এবং ২০০১ সালে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তি চালু করা হয়। অথচ ২০১৩ সালে ২৬,০১৯টি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও এমপিওভুক্ত বা জাতীয়করণ হয়নি।
“বোর্ডের স্বীকৃতি থাকলেও শিক্ষকদের বেতন-ভাতা নেই, চাকরির নিরাপত্তা নেই, অন্যান্য আর্থিক সুবিধাও নেই। এতে শিক্ষার মান উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং মেধাবীরা এ পেশায় আগ্রহ হারাচ্ছেন,” বলেন সমন্বয়ক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও আজও তা বাস্তবায়ন হয়নি।
উপস্থিত নেতৃবৃন্দ: মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের মহাসচিব মো. শামছুল আলম, অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা বশিরউল্লাহ আতাহারী, মুখপাত্র মো. রাকিবুল ইসলাম, মো. গোলাম আজম, মাওলানা আ. রহমান শাহজাহান, নজরুল ইসলাম হিরন, জাহাঙ্গীর আলম বাদশা, মাওলানা আব্দুছ ছাত্তার, মাওলানা জুহুরুল আলম, মাওলানা ওমর ফারুক, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আকরাম হোসেন, নুরুন্নবী, মো. জয়নাল আবদীন, নজরুল ইসলাম, মাওলানা বেলায়েত, মাওলানা আ. রহিম, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম ও মাওলানা গাজী মাজেদুল হকসহ বিভিন্ন জেলা-উপজেলার দায়িত্বশীল নেতারা।
আল্টিমেটাম: আয়োজকরা জানান, আগামী ২০ মে ২০২৬-এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের নিয়ে মানববন্ধনসহ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি ঈদ উৎসব বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।
তারা অবিলম্বে জানুয়ারি ২০২৬ থেকে মে ২০২৬ পর্যন্ত অনুদান ছাড় এবং অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।