• ঢাকা |

সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার যাত্রা শুরু


নিউজ প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

দ্বীনি ও নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‘আল্লাহর রং গ্রহণ করো; আর রঙের দিক থেকে আল্লাহর চেয়ে উত্তম আর কে?’—পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ১৩৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে দেশবরেণ্য শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, মানুষের জীবনকে আল্লাহর নির্দেশিত আদর্শ, মূল্যবোধ ও নৈতিকতায় রাঙিয়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গুহাট্রা গ্রামে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আসলাম মিয়া নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তাঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। মাসুদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত সমর্থিত সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগর আলী, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন সোনারগাঁ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহীম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,  আসদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক মুহাম্মাদ শাহজালাল মিয়া, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সারোয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধি, ওয়ার্ড মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম-খতিব, আলেম-ওলামা ও সাংবাদিকরা।

বক্তারা বলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সারাদেশের ১২৭টি শাখার মধ্যে সোনারগাঁয়ের নতুন শাখাটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দীর্ঘদিনের প্রত্যাশার পর সোনারগাঁয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তারা বলেন, তানযীমুল উম্মাহ বাংলাদেশের একটি পরিচিত ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে। সোনারগাঁয়ের মতো গ্রামীণ এলাকায় এ ধরনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

সভায় বক্তারা বিশেষভাবে স্থানীয় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনার জন্য মাদরাসা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সোনারগাঁয়ের এ অঞ্চলটি মূলত গ্রামীণ জনপদ। তাই এলাকার শিশুদের দ্বীনি শিক্ষা ও কোরআন হিফজের সুযোগ সহজ করতে মাসিক বেতন ও অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষকে সহনশীল ভূমিকা রাখতে হবে। এতে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের আরও বেশি শিশু শিক্ষার সুযোগ পাবে।

বক্তারা নতুন শাখার শিক্ষা কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে মাদরাসাটির কার্যক্রম এগিয়ে নিতে স্থানীয় জনগণের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

আয়োজকেরা জানান, নতুন এ শাখার মাধ্যমে সোনারগাঁ এলাকার শিশু-কিশোরদের জন্য কোরআন হিফজ ও দ্বীনি শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।