গণতন্ত্র, দুর্নীতি প্রতিরোধ, শিল্প-বাণিজ্য, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা
রাফি রহমাতুল্লাহ: বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব আগ্রহ ও আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়গুলো গুরুত্ব পায়।
সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে সিঙ্গাপুরের পক্ষে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা বিষয়ক অধিদপ্তরের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান।
অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার এ ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নত অর্থনীতির দেশ সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো বাস্তব সহযোগিতায় রূপ নিতে পারলে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে।