নিজস্ব প্রতিবেদক: চাকরি দেওয়ার প্রলোভন, মানবপাচার, মাদক ব্যবসা ও হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত মাসুদুর রহমানের বিরুদ্ধে উঠে এসেছে ভয়াবহ প্রতারণার চিত্র। তার খপ্পরে পড়ে দেশের বিভিন্ন এলাকার শতাধিক পরিবার সর্বস্বান্ত হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
তথ্যসূত্রে জানা যায়, মাসুদুর রহমান নিজেকে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চাকরি দেওয়ার আশ্বাসে গ্রামের অসহায় ও বেকার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর নাম ব্যবহার করে ভুয়া নিয়োগের ফাঁদ তৈরি করতেন। চাকরি না দিয়ে উল্টো অর্থ আত্মসাৎ করাই ছিল তার মূল কৌশল।
এছাড়া তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগও গুরুতর আকার ধারণ করেছে। ভোলার বাসিন্দা শফিকুল ইসলাম হাসানকে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাঠানো হয়। এরপর থেকে তিনি নিখোঁজ। তার পরিবার জানায়, প্রায় ২০ লাখ টাকার চুক্তির মধ্যে ৮ লাখ টাকা আগেই নেওয়া হয়েছিল। কিন্তু বিদেশে পাঠানোর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, যোগাযোগ করলে উল্টো হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়।
অভিযোগের তালিকায় রয়েছে মাদক ব্যবসার বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টিও। রাজধানীর বিভিন্ন এলাকা—মোহাম্মদপুর, ভাটারা, বসুন্ধরা, উত্তরা, শ্যামলী, আদাবর, গাবতলীসহ আশপাশের অঞ্চলে তার নিয়ন্ত্রিত মাদক সিন্ডিকেট সক্রিয় বলে জানা গেছে। প্রতিদিন বিপুল পরিমাণ মাদক সরবরাহের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে আরও জানা যায়, তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা মাদক সরবরাহের পাশাপাশি ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে অর্থ আদায় করে। চাহিদা অনুযায়ী টাকা না দিলে গোপনে ধারণ করা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
এদিকে কেরানীগঞ্জের একটি হত্যা মামলাতেও তার নাম এসেছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ প্রশাসনের হাতে রয়েছে, তবে ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ছোটখাটো ব্যবসা আছে। এসব বিষয়ে নাক না গলানোই ভালো।” পরে বিস্তারিত কথা বলার আশ্বাস দিয়ে ফোন কেটে দেন।
ভুক্তভোগীরা দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।