কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে নিজের জীবনও হারায় বড় ভাই। এ ঘটনায় রাজপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপুর স্পার বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেজাউল মাস্টারের ছেলে সিফাত (১৮) ও সচ্ছ (১৪)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্পার বাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে নদীর গভীরতা ও পাড়ের অবস্থান বোঝা কঠিন হয়ে পড়ে।
দুপুরে কয়েকজন কিশোর নদীতে ঘুরতে ও গোসল করতে যায়। একপর্যায়ে ছোট ভাই সচ্ছ অসাবধানতাবশত নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে বড় ভাই সিফাত কোনো দ্বিধা না করে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু প্রবল স্রোতের কারণে দুই ভাইই পানির নিচে হারিয়ে যায়।
পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে পরিবারজুড়ে চলছে আহাজারি। পুরো রাজপুর এলাকাতেই নেমে এসেছে গভীর শোকের ছায়া।