• ঢাকা |

বাউফলে ড. মাসুদের বিশাল জনসভা: ‘ইনসাফ কায়েমের শপথ’


নিউজ প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মো: জসিম উদ্দিন (অন্তু) বাউফল, পটুয়াখালী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার ছুটির দিন ও জুমার নামাজ শেষে বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ মিছিল সহকারে বীরপাশা মাঠে সমবেত হন। বিকাল গড়াতেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়। ড. মাসুদ সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলকে একটি শান্তির নীড় ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চান তিনি, যেখানে মানুষ নির্বিঘ্নে নাগরিক অধিকার ভোগ করতে পারবে। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে কনকদিয়াসহ পুরো বাউফল উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলা উপহার দেবেন, ইনশাআল্লাহ।

এ সময় স্থানীয় জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ড. শফিকুল ইসলাম মাসুদ একজন সৎ, যোগ্য ও ত্যাগী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। তাঁরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।