• ঢাকা |

শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে প্রয়োজন সুস্থ প্রতিযোগিতা: আরফাতুর রহমান আপেল


নিউজ প্রকাশের তারিখ : ২০ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বগুড়া (সদর) প্রতিনিধি: বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আরফাতুর রহমান আপেল বলেছেন, শিক্ষার্থীদের শুরুতেই সম্মাননা প্রদান করলে তাদের মনোবল বৃদ্ধি পায় এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তা প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

মেধা যাচাইয়ের জন্য প্রয়োজন হয় সুস্থ প্রতিযোগিতার। সেই লক্ষ্যে প্রতিবছর অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে, যা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার আয়োজনে বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মো. সাজেদুর রহমান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মোস্তাফিজার রহমান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন-উর-রশিদ তালুকদার, শিক্ষাবিদ ডা. নূরুজ্জামান জুয়েল ও দেশ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক আপেল মাহমুদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি লিয়াকত আলী, উপদেষ্টা গাজীউল ইসলাম, অর্থ সম্পাদক আবু হোরায়রা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সদস্য সানাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সম্মাননা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিশু শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।