মোহাম্মদ আবু হানিফ: বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ-ইওএম) চূড়ান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কাছে এ প্রতিবেদন তুলে দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন প্রক্রিয়া আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইইউ মিশন জানিয়েছে, চূড়ান্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে। প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করার লক্ষ্যে ১৯টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের শেষ দিক থেকে বাংলাদেশে অবস্থান করে ইইউ-ইওএম নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।
এর আগে, ১৪ ফেব্রুয়ারি মিশনটি তাদের প্রাথমিক বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করা হয় এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।
প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস পূর্ববর্তী মন্তব্যে নির্বাচনকে “প্রকৃত অর্থে প্রতিযোগিতামূলক” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনে মৌলিক স্বাধীনতাগুলো মোটামুটি বজায় ছিল এবং নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করে অংশীজনদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের পদক্ষেপই এখন দেশি-বিদেশি মহলে বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।