নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ এহতিশামুল হক হিরা। তাঁর এ অসামান্য সাফল্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে।
রোববার (১১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ অভিনন্দন জানান। তিনি বলেন, পবিত্র কুরআনুল কারিম হিফজ করে আন্তর্জাতিক পর্যায়ে এমন কৃতিত্ব অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। এ সাফল্য দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আনন্দের সঞ্চার করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, পবিত্র কুরআনের হিফজ ও তিলাওয়াতের চর্চা মুসলিম উম্মাহর এক অনন্য ঐতিহ্য। এহতিশামুল হক হিরার মতো প্রতিভাবান হাফেজদের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য নতুন প্রজন্মকে পবিত্র কুরআন অধ্যয়ন, মুখস্থকরণ এবং এর শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করতে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ অর্জনের পেছনে হিরার ব্যক্তিগত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সাফল্য কুরআন শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের বিকাশে সংশ্লিষ্ট সবার নিষ্ঠা ও প্রচেষ্টার ইতিবাচক প্রতিফলন।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল হাফেজ এহতিশামুল হক হিরার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর শিক্ষক, অভিভাবক এবং মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, হিরার এই সাফল্য বাংলাদেশের কুরআনের হাফেজ ও ইসলামি শিক্ষায় শিক্ষিত মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করবে। তাঁদের মেধা, সাধনা ও সাফল্যের মধ্য দিয়ে ভবিষ্যতেও দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মালয়েশিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার এই অর্জন বাংলাদেশের কুরআন শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুপ্রেরণার বার্তা বহন করছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ধর্মীয় শিক্ষা ও কুরআন হিফজে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও নিষ্ঠার পরিচয় তুলে ধরেছে তাঁর সাফল্য।