• ঢাকা |

অনূর্ধ্ব-২০ সাফজয়ী যুবাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আখতার সিরাজী: ভারতকে পরাজিত করে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটরিয়মে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক মিঠুসহ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হাতে সম্মাননা ও এক লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
নগদ অর্থের পাশাপাশি তাদের হাতে ক্রীড়া কার্ডও প্রদান করা হয়।
উল্লেখ্য, মালদ্বীপে গত ৩ এপ্রিল যুবারা সাফ টুর্নামেন্ট জয়ের পর ৪ তারিখ দেশে ফিরলে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়ার ঘোষণা দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী চার এপ্রিল ফুটবলাররা দেশে পা রাখার পরই ছাদখোলা বাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়েছিল চ্যাম্পিয়নদের। এরপর আন্তর্জাতিক ক্রীড়া দিবসের বিশেষ দিনে গতকাল সোমবার আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ করা হয়। সাফজয়ী ফুটবলারদের সম্মাননা দিতে পেরে প্রতিমন্ত্রী আমিনুল সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে দেশের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশ ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি লাভ করে।
এর আগে আন্তর্জাতিক ক্রীড়া দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে তিনি দেশের সব খেলাধুলাকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল ও তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি হাসানুজ্জামান বাবলু প্রমুখ।