আসাদুল্লাহ আল গালিব, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘Ethics-Integrity in Social Research and Doing Social Research Using Mixed Method Approach’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, “এই কর্মশালার রিসোর্স পার্সন সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বের নামকরা জার্নালে তাঁর প্রায় ৭০টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দকে অনুরোধ করছি, আপনারা আন্তঃসম্পর্কের মধ্য দিয়ে কর্মশালাটিকে অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ করে তুলুন। এটি আপনাদের জন্য এক মূল্যবান সুযোগ। আশা করি, এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান ভবিষ্যতের গবেষণায় ইতিবাচক ভূমিকা রাখবে।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ও জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর ড. এম. রেজাউল ইসলাম।
কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম। দিনব্যাপী এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও অন্যান্য অনুষদের আগ্রহী শিক্ষকরা অংশগ্রহণ করেন।