মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ২১অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় বিসিক এলাকায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক মোহন আখন্দ।
অতিথিরা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার এমন উদ্যোগের প্রশংসা করেন তারা। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও বাস্তবমুখী শিক্ষা অর্জনের জন্যই আমাদের এ আয়োজন। আমরা চাই, তারা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রযাত্রায় অবদান রাখুক।
মেলায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানসহ নানা বিষয়ের ওপর শিক্ষার্থীরা চমৎকার সব প্রজেক্ট উপস্থাপন করে। অনেক প্রজেক্টে দেখা যায় বিদ্যুৎ উৎপাদনের নতুন ধারণা, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, রোবটিক্স, সৌরশক্তিচালিত মডেল ও পরিবেশবান্ধব উদ্ভাবন।
উদ্বোধনী শেষে অতিথিরা প্রথম থেকে দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীদের তৈরি ১১৫টি বিজ্ঞান প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্ক চিন্তা ও উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সোহবানী বাপ্পী।