নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জনসচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করেছে ন্যাশনস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনডিও)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানের গুরুত্ব ও মানবিক কাজে অংশগ্রহণের বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোশাররফ হোসেন রুবেল, অনির্বাণ কান্তি, মো. আশরাফুল ইসলাম (রিপন), সুজন চন্দ্র দাস, খায়রুল ইসলাম সোহাগ, সাইফুল ইসলাম সোহাগ, শাহাদাত হোসেন শাওন ও আনিসুর রহমান রাসেল।
কর্মসূচির সার্বিক সমন্বয় করেন সংগঠনটির চেয়ারপারসন মো. জহির উদ্দিন বাবর ও ভাইস-চেয়ারপারসন মো. খায়রুল ইসলাম (রিয়াদ)।
আয়োজকরা জানান, জরুরি চিকিৎসার প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করতে রক্তের গ্রুপ জানা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষকে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করাও তাঁদের লক্ষ্য।
শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার সুরক্ষা ও কমিউনিটি উন্নয়নে কাজ করছে এনডিও। ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে সংগঠনটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাকারী সদস্য, স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।