নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মাঠে ভিজিলেন্স টিম, চালক-যাত্রীদের সচেতনতার আহ্বান
লালমনিরহাট প্রতিনিধি | কল্লোল আহমেদ:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ সেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), লালমনিরহাট সার্কেল। উৎসবের সময়ে সড়ক নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের নিয়ে গঠিত ভিজিলেন্স টিম কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিআরটিএ লালমনিরহাট সার্কেলের সহকারী পরিচালক মো. ফয়সাল হাসান।
এদিকে, ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষেও সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে মোটরযান চালক, মালিক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।
বিআরটিএর পক্ষ থেকে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখা, সিটবেল্ট ব্যবহার এবং ট্রাফিক সংকেত অনুসরণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি নেশাগ্রস্ত বা ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানো, নিষিদ্ধ স্থানে ওভারটেকিং ও অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়।
মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার, ফিটনেসবিহীন যানবাহন সড়কে না নামানো এবং চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
যাত্রীদের চলন্ত গাড়িতে ওঠানামা না করা, সুশৃঙ্খলভাবে গণপরিবহনে ওঠা এবং পথচারীদের জেব্রাক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পারাপারের আহ্বান জানানো হয়। গণপরিবহনে নারী যাত্রী যৌন হয়রানির শিকার হলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে পুলিশের সহায়তা নেওয়ার বিষয়েও সচেতন করা হয়।
বিআরটিএ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিআরটিএ, পুলিশ বিভাগ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীসেবা, যানবাহন চলাচল ও সড়ক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সংশ্লিষ্টদের মতে, উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত সচেতনতার বিকল্প নেই। চালক, পরিবহন মালিক, যাত্রী ও পথচারী প্রত্যেকে আইন মেনে চললে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
আয়োজনে: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), লালমনিরহাট সার্কেল।