• ঢাকা |

দৃষ্টি প্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান


নিউজ প্রকাশের তারিখ : ৩১ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও:  

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ ব্যাচের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী শরীফ তার আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য একজন সহায়তাকারী রাইটার (Writer) খুঁজছেন। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে সামনে রেখে তিনি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

শরীফ জানান, দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি নিয়মিতভাবে বিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে এসেছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পর্যায়ে পৌঁছেছেন। তিনি অন্য সাধারণ শিক্ষার্থীদের মতোই নিজের মেধা ও যোগ্যতার মাধ্যমে ভবিষ্যতে এগিয়ে যেতে চান।

তবে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার কারণে তিনি নিজে লিখে পরীক্ষা দিতে পারবেন না। এজন্য নিয়ম অনুযায়ী তাঁর একজন রাইটার প্রয়োজন, যিনি পরীক্ষার সময় তাঁর নির্দেশনা অনুযায়ী উত্তর লিখে সহায়তা করবেন।

শরীফ বিশ্বাস করেন, সমাজে এখনও অনেক সহানুভূতিশীল ও মানবিক মানুষ আছেন, যারা তাঁর এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে দাঁড়াতে এগিয়ে আসবেন। তিনি আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন, কেউ যদি রাইটার হিসেবে সহযোগিতা করতে আগ্রহী হন, তাহলে যেন তাঁর সাথে যোগাযোগ করেন। যোগাযোগ: ০১৩১৮৯৩০১৫৫

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তাদের মতে, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একজন রাইটারের ছোট্ট সহযোগিতাই বদলে দিতে পারে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জীবন। তাই মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার আহ্বান সকলের প্রতি।