তানজু আহমেদ: অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য
আবুল খায়ের ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার মর্যাদা ও ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনই ছিল বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রথম সংগ্রাম, যার ধারাবাহিকতায় অর্জিত হয়েছে স্বাধীনতা। তিনি শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা চর্চা ও দেশের ইতিহাস জানার প্রতি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাইদুল ইসলাম। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।