সৈয়দ আতিক : গাজীপুর-৬ সংসদীয় আসনটি বহাল রাখার দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ স্থানীয় সর্বদলীয় নেতা-কর্মীরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে তীব্র যানজট ও যাত্রীদের চরম ভোগান্তি পড়তে হয়েছে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগও দাবি করেন।
টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে বিক্ষোভ করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন।
টঙ্গীর কলেজ গেট এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, বিএনপি নেতা জসিম উদ্দিন বাট, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তারা বলেন, ‘টঙ্গী, গাছা ও পুবাইলের একাংশ নিয়ে গাজীপুর-৬ আসন গঠন করা হয়। আদালতের নির্দেশে আসনটি বাতিল করা হয়েছে। এই আসনের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কথা চিন্তা করে এই আসন পুনর্বহালের দাবি জানাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করে যাব।’ সেই সঙ্গে হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগের দাবি জানান তাঁরা।