১১ মার্চ ২০২৬, বুধবার বিকেল ৩টায় বুদ্ধিজীবী চত্বর-এ ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
সভায় সভাপতিত্ব করেন রাবি ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ (সিবগা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
আবুল হাসেম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
ডা. মো. জাহাঙ্গীর, নায়েবে আমির, রাজশাহী মহানগর
শহীদ সাব্বির হোসেন-এর ভাই মো. আকরাম
হাফেজ মো. নুরুজ্জামান, সাবেক সভাপতি, রাবি ছাত্রশিবির
ডা. সাখাওয়াত হোসেন, সেক্রেটারি, রাজশাহী মহানগর ছাত্রশিবির।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, ১১ মার্চ ইসলামী ছাত্রশিবির ঘোষিত শহীদ দিবস, যা প্রতিবছর সংগঠনটি পালন করে আসছে। তিনি বলেন, ১৯৮২ সালের ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বরে ছাত্রশিবির আয়োজিত নবাগত সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রমৈত্রী, জাসদ ও ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের কর্মী সাব্বির, হামিদ, আইয়ুব ও জাব্বার শহীদ হন।
তিনি আরও বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর সাব্বির ছিলেন ছাত্রশিবিরের প্রথম শহীদ। ওই ঘটনায় গুরুতর আহত আবদুল জাব্বার ও আইয়ুব পরবর্তীতে শাহাদাত বরণ করেন।
বক্তারা দাবি করেন, ওই ঘটনার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ছাত্রশিবিরের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়েছে এবং সংগঠনের ১৭ জন নেতা-কর্মী নিহত হয়েছেন।
আলোচনা সভা থেকে বক্তারা ১৯৮২ সালের ১১ মার্চের হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।