রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: আজ (৩১ আগষ্ট) সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঠাকুরপাড়া এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেছে একটি পরিবার। মুহূর্তের মধ্যে দুটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সংক্ষিপ্ত বিবরণ:
আজ সকাল ০৮:৪৫ ঘটিকায় ত্রিশাল ফায়ার স্টেশনে একটি সড়ক দুর্ঘটনার সংবাদ আসে। সংবাদ পাওয়া মাত্রই কালক্ষেপণ না করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং মাত্র ১০ মিনিটের মধ্যে (০৮:৫৫ ঘটিকায়) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, বালিপাড়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৪৬৪৩) এবং একটি নম্বরবিহীন সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় ঘটনাস্থলেই ১ জন নারী ও ১ জন পুরুষ নিহত হন।
ত্রিশাল ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থল থেকে ২ জন নিহত ব্যক্তির মরদেহ বডিব্যাগে সুরক্ষিত করে ত্রিশাল থানার এসআই মো. রেহাউল (০১৭০৮৩৬৬৬৭৯)-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। সফল ও পেশাদার উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের টিম সকাল ০৯:৪৫ ঘটিকায় স্টেশনে প্রত্যাবর্তন করে।
সচেতনতার বার্তা:
সড়কে সামান্য সতর্কতা ও ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা কীভাবে একটি হাসিখুশি পরিবারকে নিমিষেই চিরতরে অন্ধকারে ঢেকে দিতে পারে।
আজকের এই দুর্ঘটনাটি তার এক নির্মম উদাহরণ।
এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মানুষ যখন দিশাহারা ও হতবাক হয়ে পড়ে, ঠিক তখনই আশার আলো হয়ে পাশে দাঁড়ায় ফায়ার সার্ভিস।
"দুর্ঘটনা-দুর্বিপাকে সবার আগে, সবার পাশে—বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।"
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী
সড়কে চলাচল করার সময় সকল চালক ও পথচারীকে আরও বেশি ট্রাফিক আইন মেনে চলার এবং সতর্ক থাকার বিনীত অনুরোধ জানান। তিনি আরো বলেন, আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং নিরাপদ ড্রাইভ করি।