বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ( বেরোবি) শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তাঁর স্মৃতিস্তম্ভ নির্মাণ আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভের তিনটি নকশার মধ্যে থেকে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নকশা নির্বাচন করা হবে এবং আগামী অর্থবছরেই নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করার পাশাপাশি স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত রাখার প্রতীক হিসেবে কাজ করবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রংপুর জেলা প্রশাসকসহ স্থপতি ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।