• ঢাকা |

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদ পেল পূর্ণাঙ্গ রূপ


নিউজ প্রকাশের তারিখ : ৩ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য (এমপি) আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।
রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, শপথ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নারী এমপিরা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন প্রার্থীর গেজেট প্রকাশ করে। ওই নির্বাচনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন প্রার্থী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
বিএনপি জোটের নির্বাচিত ৩৬ জনের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নিপুণ রায় চৌধুরী, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, শামীম আরা বেগম স্বপ্না, ফাহমিদা হক, সেলিনা সুলতানা ও অন্যান্যরা।
জামায়াত জোটের ১২ জন সদস্যের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, ডা. মাহমুদা আলম মিতু, রোকেয়া বেগম, ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমসহ আরও অনেকে।
এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে গেজেটভুক্ত হয়েছেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ এখন পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে।