সাব্বির হোসাইন: টঙ্গীর ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ক্রীড়া বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করার উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও জমকালো আয়োজনকে কেন্দ্র করে পুরো মিল্লাত চত্বরে এক উৎসবমুখর আমেজ তৈরি হয়।
টাকসুর সহ-সভাপতি (ভিপি) মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (জিএস) মর্তুজা হাসান ফুয়াদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিবগা।
উদ্বোধনী বক্তব্যে সিগবাতুল্লাহ সিবগা উল্লেখ করেন, ভবিষ্যৎ বিশ্বে মুসলমানদের নেতৃত্ব দিতে হলে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে হবে। নিয়মিত খেলাধুলা তরুণদের মাঝে সেই শক্তি ও শৃঙ্খলার বীজ বপন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর আমীর মো. খাইরুল হাসান।
প্রধান অতিথির ভাষণে বক্তা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চায় মনোযোগী হওয়া প্রয়োজন। সুস্থ শরীর ও নির্মল মন গঠনের ক্ষেত্রে নিয়মিত ক্রীড়াচর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ কেন্দ্রীয় ছাত্র সংসদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বল কিক করে প্রতিযোগিতার শুভ সূচনা করেন।