• ঢাকা |

শেরপুর-৩ উপনির্বাচনে অনিয়মের অভিযোগে জামায়াত প্রার্থীর ভোট বর্জন ঘোষণা


নিউজ প্রকাশের তারিখ : ৯ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শেরপুর সংবাদদাতা: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও জালভোটের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ৩টায় শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তাঁদের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জালভোট প্রদান এবং প্রকাশ্যে ব্যালটে সিল মারার মতো গুরুতর অনিয়ম ঘটেছে বলেও তিনি দাবি করেন। তাঁর অভিযোগ অনুযায়ী, এসব বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও জানান, অনিয়মের প্রতিবাদ করায় তাঁদের একাধিক কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

এর আগে একই দিনে দুপুরে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এ ঘটনায় শেরপুর-৩ আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক আরও তীব্র হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।