• ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সব রোগীর জন্য খাবার নিশ্চিত


নিউজ প্রকাশের তারিখ : ৫ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: দীর্ঘদিনের সীমাবদ্ধতা কাটিয়ে অবশেষে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সকল রোগীর জন্য নিয়মিত খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আগে যেখানে মাত্র ১০০ জন রোগীর জন্য খাবার দেওয়া হতো, সেখানে এখন থেকে ২৫০ জন রোগীর জন্য প্রতিদিন তিন বেলা খাবার প্রদান করা হবে।

মঙ্গলবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: নূরুল ইসলাম বুলবুল। তিনি নিজ হাতে রোগীদের মাঝে খাবার বিতরণ করেন এবং হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রতিটি রোগীর বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও খাবার পাওয়া একটি মৌলিক অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার হাসপাতালটি বাস্তবে ১০০ শয্যার সুবিধা নিয়ে পরিচালিত হচ্ছিল, যা রোগীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও জানান, বর্তমানে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ রোগী এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এই চাপ সামাল দিতে ভবিষ্যতে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক, নার্স এবং রোগীর স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানান। হাসপাতালের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।