ইলেকট্রনিক মিডিয়া নির্বাহীদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমীর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ, গণভোটের রায় বাস্তবায়ন, গণমাধ্যমের ভূমিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার পেশাগত ও কাঠামোগত নানা সংকট নিয়ে আলোচনা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, বৈঠকে ডা. শফিকুর রহমান দেশের বিদ্যমান জনদুর্ভোগ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতে ইসলামী প্রকাশ্য ও আন্তরিক ভূমিকা পালন করবে—এমন অবস্থানও বৈঠকে তুলে ধরেছেন দলের আমীর।
বৈঠকে উপস্থিত গণমাধ্যমের কয়েকজন শীর্ষ নির্বাহী গণভোটের বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন, তাদের অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন বলে জানান গোলাম পরওয়ার।
তাদের পক্ষ থেকে জামায়াত আমীরকে বলা হয়েছে, গণভোটের রায় নিয়ে কোনো অস্পষ্টতা না রেখে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের রায় মেনে নেওয়ার বিষয়ে পরিষ্কার অবস্থান জানানো।
বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার নানা সংকটও গুরুত্ব পায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, সন্ত্রাস, সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনা করেন জামায়াত আমীর।
গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; জনমত গঠন এবং জাতীয় ঐকমত্য তৈরিতেও ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এ বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়েছে।
ডা. শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, সংবাদ পরিবেশন গণমাধ্যমের দায়িত্বের অংশ হলেও জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। একই সঙ্গে জামায়াতের কোনো ভালো উদ্যোগ কিংবা ত্রুটি থাকলে তা খোলামেলাভাবে জানাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মতবিনিময় সভায় ইলেকট্রনিক গণমাধ্যমের পেশাগত ও প্রাতিষ্ঠানিক নানা সমস্যাও তুলে ধরেন অংশগ্রহণকারী নির্বাহীরা।
তারা জানান, প্রিন্ট মিডিয়ার তুলনায় ইলেকট্রনিক মিডিয়ায় বেশ কিছু কাঠামোগত সুবিধা অনুপস্থিত। বিশেষ করে বেতন কাঠামো, ওয়েজ বোর্ড, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়।
গোলাম পরওয়ার বলেন, এসব সমস্যা সমাধানের জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়গুলো সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরার পরামর্শ দিয়েছেন জামায়াত আমীর। একই সঙ্গে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দিয়েছেন তিনি।
বৈঠকে অংশ নেওয়া গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকার বিষয়টিও তুলে ধরেছেন বলে জানান গোলাম পরওয়ার।
তাদের মতে, অতীতের বিভিন্ন সময়ের তুলনায় বর্তমান সংসদে জামায়াতের বিরোধীদলীয় ভূমিকা তুলনামূলকভাবে গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।
জবাবে জামায়াত আমীর আশ্বস্ত করেছেন, দেশের ও জনগণের স্বার্থে ভালো উদ্যোগে সরকারকে সহযোগিতা করা হবে। একই সঙ্গে সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধীদল হিসেবে অবস্থান নেওয়া হবে।
তবে সেই রাজনৈতিক অবস্থান হবে ‘অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল’—এমন বক্তব্যও তিনি দিয়েছেন বলে জানান গোলাম পরওয়ার।
তিনি বলেন, রাজপথের সব আন্দোলনকে অহিংস রাখতে চায় জামায়াতে ইসলামী। বৈঠকে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সময় টিভির সিইও জোবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ মতিউর রহমান, এটিএন নিউজের সিইও শহিদুল আজম, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মেরাজসহ বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ টুয়েন্টিফোরের হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, চ্যানেল টুয়েন্টিফোরের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম, এসএ টিভির নিউজ ইনচার্জ ওয়াহিদ মিল্টন, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ, মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, জিটিভির হেড অব নিউজ গাউসুল আজম বিপু, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন নবিন, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, মাই টিভির এডিটর ইন চিফ মাহমুদ আল ফয়সাল, বাংলা টিভির পরিচালক বার্তা মীর নূর উস শামস শান্তনু, চ্যানেল এসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুজিত চক্রবর্তী, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান এবং টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রধান কামরুজ্জামান বাবলুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।