• ঢাকা |

কালীগঞ্জে অসচ্ছল ও মেধাবীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নজরুল ইসলাম বিপ্লব, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী, অসহায় নারী এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সহায়তায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষায় উৎসাহ যোগাতে বাইসাইকেল বিতরণ করা হয়, যাতে তারা সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে। পাশাপাশি অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের চলাচল সহজ করতে হুইলচেয়ার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ রোকন উদ্দিন বাবুল বলেন, সরকারের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা। তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল প্রদান করা হয়েছে, যাতে তারা শিক্ষার প্রতি আরও উৎসাহিত হয়। একই সঙ্গে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা দিতে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এ মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।