শুক্রবার (২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাতজন আরোহী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার জন্য আল্লাহর কাছে তাঁদের তাওফিক কামনা করেন।
বিবৃতিতে জামায়াতের এই নেতা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া জরুরি। নিয়মিত ট্রাফিক আইন প্রয়োগ ও যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা গেলে এ ধরনের প্রাণহানি কমানো সম্ভব।