মোঃ মনিরুজ্জামান চৌধুরী ,নড়াইল থেকেঃ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাহিরপাড়ায় বিরোধপূর্ণ জমিতে পাটকাটাকে কেন্দ্র করে পিতা জাহাঙ্গীর শেখ (৬২) এবং পুত্র নাহিদ শেখকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে আরও ২ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে (৪৬) আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, নড়াইলের কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার পুত্র নাহিদ সহ আরও কয়েকজন ওই জমিতে পাট কাটতে যান। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষ কাওসার শেখসহ তার লোকজন জাহাঙ্গীর শেখ ও তার লোকজনকে পাটকাটতে বাধা দেন। এ সময় উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে কাওসার পক্ষের লোকজন জাহাঙ্গীর শেখ ও তার পুত্র নাহিদসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় পিতা জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলে নিহত হন।
অপরদিকে আহত নাহিদ শেখকে ঢাকায় নেয়ার পথে বুধবার বেলা ৩টায় মারা যান তিনি। আহত আব্দুল কাদের ও নয়ন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পিতা-পুত্র হত্যাকান্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে আটক করা হয়েছে।
আমিনুল/দৈনিক গণজাগরণ