• ঢাকা |

ওয়েগা গ্রুপের সবুজ চত্বর কার্জোনিয়ান পদচারণায় মুখরিত


নিউজ প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলের প্রাক্তন শিক্ষার্থী কার্জোনিয়ানদের পদচারণায় আবারো মুখরিত হলো ওয়েগা গ্রুপের সবুজ চত্বর। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) টঙ্গীর এরশাদ নগরের শালিকচূড়াতে অবস্থিত ওয়েগা গ্রুপের চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবার।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাণচাঞ্চল্যে ভরপুর কার্জোনিয়ানরা আসতে থাকেন ঢাকার অদূরে এই এরশাদ নগরে। যেখানে উপস্থিত ছিলেন কার্জোনিয়ান ছাড়াও ঢাবির বিভিন্ন অনুষদের সাবেক শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহী চিতই, ভাপা পিঠা, খেজুর রসের পায়েস, ডালপুরি, ফুচকাসহ নানারকম মুখরোচক খাবারের পাশাপাশি সারাক্ষণ চা-কফি আপ্যায়ন চলতে থাকে।

দুপুরের খাবারের মেন্যুতে ছিল দেশী মাছের পাশাপাশি চিকেন রোস্ট এবং খাশী ও গরুর রেজালা।

অনুষ্ঠানে ৮০, ৯০ ও ২০০০ দশকের অংশগ্রহণে মনোজ্ঞ বিতর্ক, সাংস্কৃতিক পরিবেশনা, গান, নাচ, আবৃত্তি ও কৌতুক পরিবেশনের পাশাপাশি চলতে থাকে জম্পেশ আড্ডা ও গ্রুপ ছবি তোলার হিড়িক।

১৯৯৬-৯৭ ব্যাচের শিক্ষার্থী জিএম পাভেল ইভেন্টটি সঞ্চালনা করেন, যেখানে কার্জোনিয়ান মিলনমেলা'র উদ্দেশ্য ছিল মূলতঃ প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ বৃদ্ধি এবং কার্জন হলের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করা।

অনুষ্ঠানে উপস্থিত কার্জোনিয়ানরা যেন আবারো হারিয়ে গেলেন তারুণ্যে ভরপুর সেই সোনালী দিনে।

ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো: মেজবাহ উদ্দিন আলী এবারো সবাইকে আনন্দ দেয়ার পাশাপাশি নিজের আন্তরিক আপ্যায়নে সবাইকে মুগ্ধ করেন।