মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিমুলিয়া এলাকায় সংঘটিত একটি দুঃসাহসিক দস্যুতা মামলায় জড়িত দুই জনকে সিলেট মহানগরের শাহপরাণ থানাধীন কাজিরবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা, মোবাইল ফোন, দস্যুতায় ব্যবহৃত দা, মোটরসাইকেল, হেলমেট ও অপরাধকালে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।
মামলার বাদী আব্দুল আহাদ গত ৩০ জুলাই ২০২৫, দুপুর আনুমানিক ১২:৩০টার দিকে বড়লেখা উপজেলার পূবালী ব্যাংক শাখা থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। তার সঙ্গে ছিলেন মেয়ে সুহাদা আক্তার। তার ভ্যানিটি ব্যাগে অতিরিক্ত ১৬,০০০ টাকাসহ মোট ২,১৬,০০০ টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরি রুপার চেইন এবং জাতীয় পরিচয়পত্র ছিল।
বাড়ি ফেরার পথে শিমুলিয়া এলাকায় পৌঁছালে, মোটরসাইকেলে আসা চারজন দস্যু তাদের গতিরোধ করে। তারা ধারালো দা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং সুহাদার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।
এই ঘটনায় ৩০ জুলাই বড়লেখা থানায় দণ্ডবিধির ৩৪১/৩৯২ ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং ১৭)। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) নোবেল চাকমা এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. অ্যাজমল হোসেনের নেতৃত্বে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা ও থানার একাধিক কর্মকর্তা নিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরবর্তীতে ১ আগস্ট সিলেট মহানগরের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, দা এবং ঘটনাকালে ব্যবহৃত পোশাক জব্দ করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে লুট হওয়া একটি মোবাইল ফোন ও নগদ ৯৯,৫০০ টাকা।