মোস্তাফিজার রহমান, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২) হত্যা ও ইজিবাইক ছি'নতা'ই মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নিহতের ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট পাঁচটি ব্যাটারি চালিত অটো, হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকু, রশি ও র'ক্তমা'খা পোশাক উ'দ্ধার করা হয়েছে।
মামলাটি শাজাহানপুর থানার মামলা নং-০৩, তারিখ ০৫ নভেম্বর ২০২৫, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী রুজু হয়। মামলার বাদী নিহতের স্ত্রী মোছাঃ মাবিয়া সুলতানা (৩৬)।
তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ময়নুল ইসলাম, কৈগাড়ী পুলিশ ফাঁড়ি, শাজাহানপুর থানা, বগুড়া। মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের নেতৃত্ব দেন মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া।
নিহত মোফাজ্জল হোসেন (৫২), পিতা-মৃত মোবারক আলী, গ্রাম খলিশাকান্দি, খোট্টপাড়া ইউনিয়ন, শাজাহানপুর, বগুড়া—পেশায় ছিলেন একজন ব্যাটারি চালিত ইজিবাইক চালক। তিনি প্রায় দুই বছর আগে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকায় ইজিবাইকটি ক্রয় করেন এবং প্রতিদিন শহরে ভাড়ায় চালাতেন।
গত ৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন। পরদিন সকালে ৫ নভেম্বর সকাল ৯টার দিকে শাজাহানপুর থানাধীন সুলতানগঞ্জ হাইস্কুলের পেছনে তুতবাগানের প্রাচীরসংলগ্ন স্থানে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
বগুড়ার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম–এর দিকনির্দেশনায় সদর সার্কেল ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান চালায়।
তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রথমে নিহতের লুন্ঠিত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয় মোঃ সোহেল রানা (২২)–এর কাছ থেকে। তিনি জানান, মোবাইলটি তিনি ছোট সজিব নামের একজনের কাছ থেকে ৬০০ টাকায় কিনেছেন।
এর সূত্র ধরে পুলিশ ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়া এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে—
মোঃ সজিব ওরফে ছোট সজিব (১৯), পিতা মোঃ ফিরোজুর রহমান টিটু, মোঃ সজিব ওরফে বড় সজিব (২১), পিতা মোঃ মাসসুল হক মণ্ডল। গ্রেফতারের পর ছোট সজিবের শয়নকক্ষ থেকে একটি সুইজ গিয়ার বার্মিজ চাকু, একটি রশি, রক্তমাখা হাফপ্যান্ট উদ্ধার করা হয়। বড় সজিবের স্বীকারোক্তিতে নিহত মোফাজ্জলের ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট ৫টি ব্যাটারি চালিত অটো ও ১৫টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আসামিরা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মোফাজ্জল হোসেনকে গলা কেটে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত দুই আসামি ও সাক্ষী সোহেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করবে।
নিহতের পরিবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দ্রুত রহস্য উদ্ঘাটনের জন্য।