নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়াপট্টি-কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. মাহাবুবের তত্ত্বাবধানে অভিযানে ডিবির এসআই আব্দুর রহমান, পলাশ বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে সোহেল ফকিরের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিবির ওসি মো: মাহাবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল ফকিরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, এ ঘটনায় সোহেল ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রে জানা গেছে, সোহেল ফকির একসময় পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মাদক উদ্ধারের ঘটনায় তার রাজনৈতিক পরিচয় কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছে পুলিশ।