সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার ঝুমুর সরকার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররাও উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী পরিবার গুলোর তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং একটি সমন্বিত ডেটাবেইজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে যোগ্য পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
প্রাপ্ত তথ্যমতে, ২০২৬ সালের ১০ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পাইলটিং পর্যায়ে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের আটটি বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে মোট ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে নির্বাচিত ৭১ হাজার ৮৩১ জন যোগ্য উপকারভোগীকে ফ্যামিলি কার্ডের ভাতা প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া ডিসেম্বর ২০২৬-এর মধ্যে দেশব্যাপী আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ ও ডেটাবেইজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রেস কনফারেন্সে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। দেশব্যাপী এ তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।