• ঢাকা |

রাজবাড়ীতে সাংবাদিককে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পরিবারের


নিউজ প্রকাশের তারিখ : ২০ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী থেকেঃ রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক এনটিভির জেলা প্রতিনিধি আহসান হাবীব টুটুলকে মাদক মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছেন তাঁর পরিবার।

শুক্রবার (১৮ জুলাই) ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলায় জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে টুটুলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আহসান হাবীব টুটুলের ছেলে সাংবাদিক  সিনান আহমেদ শুভ ও কন্যা লামিয়া হাবিবা সুরভী বলেন, “আমার বাবা কখনোই মাদকের সঙ্গে জড়িত ছিলেন না। এটি একটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যমূলক মামলা।”

তারা জানান, গত ১ জুলাই ভোরে নিজ বাসভবন থেকে তাঁকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বাবাকে ব্যাপক মারপিট করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা,পরে নিজেরাই মাদক দিয়ে বাবাকেকে আটক করে। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তারা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট থেকে মাসোহারা নিয়ে জমজমাট মাদক কারবারের পথ তৈরি করে দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর সন্তানেরা। 


সিনান ও  সুরভী বলেন, আহসান হাবীব টুটুল দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন। বর্তমানে তিনি ইউএনবি ও এনটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি। অতীতে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আহসান হাবীবের পিতা মোহাম্মদ সানাউল্লাহ ছিলেন রাজবাড়ীর সাংবাদিকতার পথিকৃৎ। তাঁর পরিবার সাংবাদিকতা ও সমাজসেবায় সম্পৃক্ত এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল ছিলেন।


তারা অভিযোগ করেন, “একটি আদর্শ সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা মানুষ মাদক ব্যবসায় জড়িত এমন ধারণা ভিত্তিহীন। আমার বাবাকে ষড়যন্ত্র করে হেয় প্রতিপন্ন করা হয়েছে।”


তারা সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতি পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং প্রশাসনের কাছে আহ্বান জানান টুটুলের জামিন দ্রুত মঞ্জুর করে মামলা থেকে তাঁকে দ্রুত অব্যাহতি দেওয়ার জন্য। 

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদক উদ্ধারের নামে এক নারীকে বিবস্ত করে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজবাড়ীর প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 

আমিনুল/দৈনিক গণজাগরণ