রুহুল আমিন, বগুড়া: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৪ নম্বর পীরব ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. শাহাজুল হক নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ জোরদার করেছেন। উন্নয়ন ও সুশাসনের নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের সমর্থন কামনা করছেন।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় পীরব ইউনিয়নের খয়রাপুকুর বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় ভোটারদের কাছে চেয়ারম্যান পদে মো. শাহাজুল হকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
সভায় বক্তব্য দেন কাজিপুর ফাজিল মাদ্রাসার সহকারী বিএসসি শিক্ষক আব্দুর রশিদ। তিনি বলেন, মো. শাহাজুল হক চেয়ারম্যান নির্বাচিত হলে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাট, সেতু, কালভার্ট ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয়, সে জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে একটি নিরাপদ, আধুনিক ও সুশৃঙ্খল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবেন চেয়ারম্যান প্রার্থী।
সভায় উপস্থিত ছিলেন মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইলিয়াস হোসেন মিরাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে গণসংযোগকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। চেয়ারম্যান প্রার্থী মো. শাহাজুল হক ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।