• ঢাকা |

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬


নিউজ প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম-এর উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল-এ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এর অষ্টম আয়োজন। এবারের প্রতিপাদ্য ছিল "জ্ঞানের মাধ্যমে খুচরা বিক্রির রূপান্তর"।

স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাটা-র সঞ্চালনায় এবং ইলেক্ট্রমআর্ট লিমিটেড (কনকা ও গ্রি)-এর সহযোগিতায় আয়োজিত এই দিনব্যাপী সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় রিটেইলার, ব্র্যান্ড নেতৃত্ব, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, বিপণন পেশাজীবী এবং বিভিন্ন খাতের সিদ্ধান্তগ্রহণকারীরা অংশ নেন।

আলোচনায় উঠে আসে বাংলাদেশের রিটেইল খাতের পরিবর্তনশীল বাস্তবতা, যেখানে ডাটা-নির্ভর কৌশল, গ্রাহক আচরণ বিশ্লেষণ, অপারেশনাল দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

উদ্বোধনী বক্তব্যে সাজিদ মাহবুব বলেন, বর্তমান সময়ে রিটেইল খাতকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে জ্ঞানকে কার্যকর কাজে রূপান্তরের সক্ষমতা। পরিবর্তিত গ্রাহক চাহিদা বোঝা এবং দ্রুত অভিযোজনই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করবে। তিনি আরও বলেন, খাতটি যত বিস্তৃত ও জটিল হচ্ছে, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তাও তত বাড়ছে।

কংগ্রেসে ৩টি কী-নোট সেশন, ৩টি প্যানেল আলোচনা এবং ২টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়। কী-নোট সেশনে বক্তব্য দেন আশরাফ বিন তাজ, শাদমান সাদিকিন এবং সামি আশরাফ। তারা তাদের আলোচনায় ডিস্ট্রিবিউশন দক্ষতা, উদ্দেশ্যনির্ভর ব্যবসায়িক কৌশল এবং প্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া অন্যান্য আলোচনায় রিটেইল খাতের ভবিষ্যৎ প্রবণতা, ব্যবসায়িক উদ্দেশ্য ও মুনাফার ভারসাম্য, তৈরি পোশাক খাতের ভ্যালু চেইনের রূপান্তর এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ডাটা, পার্সোনালাইজেশন ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ফারিয়া ইয়াসমিন, এম এইচ এম ফাইরোজ, দীপেশ নাগ, ফাহিমা আখতার, শাহরায়ীদ চৌধুরী প্রমুখ।

সম্মেলনের শেষভাগে জ্ঞানকে রিটেইল খাতের রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা আরও তথ্যনির্ভর, অভিযোজনক্ষম এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই রিটেইল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

এই আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার তুর্কি এয়ারলাইন্স, হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং পিআর পার্টনার ব্যাকপেজ পিআর।