• ঢাকা |

দুর্ভোগের প্রতীক এখন কুমিল্লা নগরীর দুই প্রবেশপথ


নিউজ প্রকাশের তারিখ : ২২ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সাইফুল ইসলাম সুমন: কুমিল্লা নগরীতে প্রবেশের প্রধান দুই প্রবেশপথ টমছমব্রীজ-কোটবাড়ি ও ধর্মপুর-জাগুরঝুলি সড়ক এখন যেন দুর্ভোগের প্রতীক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়ক দুটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খনাখন্দ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে নগরীর সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, টমছমব্রীজ-কোটবাড়ি সড়কের রামমালা থেকে কোটবাড়ি বিশ্বরোড পর্যন্ত প্রায় পুরো সড়কই ভাঙাচোরা। বিশেষ করে গোবিন্দপুর, দৌলতপুর, দিদার মার্কেট এবং ধনপুর এলাকায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ধর্মপুর-জাগুরঝুলি সড়কের সাতোরা এলাকায় বড় বড় গর্তে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে থাকায় চালকরা গভীরতা বুঝতে না পেরে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয় অটোরিকশা চালক মেহেদী হাসান বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। গর্ত এড়াতে গিয়ে অনেক সময় বিপরীত দিকের গাড়ির সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়। গাড়ির যন্ত্রাংশও দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

ট্রাকচালক মো. সোহেল মিয়া বলেন, বৃষ্টি হলে কোনটা গর্ত আর কোনটা রাস্তা বোঝা যায় না। ভারী যানবাহন নিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

যাত্রী হোসাইন চৌধুরী বলেন, প্রতিদিন এ রোডে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য পথ পাড়ি দিতেই অনেক সময় লাগে। গাড়িতে ঝাঁকুনিতে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পান।

আরেক যাত্রী  রবিউল হাসান বলেন, এই সড়ক দিয়ে চলাচল এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনার খবর শুনতে হয়।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দঃ গোলাম মোস্তফা বলেন, টমছমব্রীজ-কোটবাড়ি সড়কের সংস্কারের জন্য ইতোমধ্যে বরাদ্দ পাওয়া গেছে। বৃষ্টির প্রকোপ কমলেই সংস্কারকাজ শুরু করা হবে। এছাড়া ধর্মপুর-জাগুরঝুলি সড়কের ক্ষতিগ্রস্ত অংশের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। এ সড়কের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।