• ঢাকা |

ফুটপাত দখলমুক্তে রায়পুরে মোবাইল কোর্টে জরিমানা


নিউজ প্রকাশের তারিখ : ৩ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নেয়ামত উল্যাহ, রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে প্রশাসন।

মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) রমজান মাস উপলক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বাজারের বিভিন্ন গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে কিছু দোকানদার দোকানের বাইরে ফুটপাতের ওপর পণ্যসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এতে পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

অভিযান পরিচালনা করেন রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এ সময় রায়পুর থানা পুলিশ ও রায়পুর পৌরসভার সদস্যরা সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা জানান, রমজানে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতা ইব্রাহীম খান বলেন, নিয়মিত তদারকি থাকলে রায়পুরে ফুটপাত দখলের প্রবণতা কমবে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।