রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাওকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে নগরীর ভদ্রা এলাকায় এ সংঘর্ষের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ভারতীয় আধিপত্যবিরোধী জুলাই ৩৬ মঞ্চ’ -এর ব্যানারে বিক্ষোভকারীরা দুপুরে একটি মিছিল নিয়ে ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করলে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।
পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে কিছু সময় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নগরীর ভদ্রা ও পদ্মা আবাসিক এলাকায় পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।