মো. রুহুল আমিন, বগুড়া জেলা সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে নজরুল বর্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এ উপলক্ষে আলোচনা সভা, সংগীত পরিবেশন ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নন; তিনি বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নজরুল বর্ষের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, জাতীয় কবি নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম তরুণ প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে অনুপ্রেরণা জোগায়।
বক্তারা বলেন, নজরুল বর্ষ শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণ ও উদযাপনের আয়োজন নয়; তাঁর অসাম্প্রদায়িকতা, স্বাধীনতা ও শোষণবিরোধী চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির আত্মপরিচয়, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।