• ঢাকা |

গংগাচড়ার পাপড়ি ফিলিং স্টেশনে দিনে দুপুরে ভয়াবহ ডাকাতি, ৫–৭ লাখ টাকা লুট


নিউজ প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কল্লোল আহমেদ, লালমনিরহাট প্রতিনিধি: রংপুরের গংগাচড়া উপজেলার বড়াইবাড়ীতে অবস্থিত পাপড়ি ফিলিং স্টেশনে শুক্রবার দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। জুমার নামাজের সময় স্টেশনের তিনজন কর্মচারী নামাজ আদায় করতে গেলে, অফিস কক্ষ ফাঁকা পেয়ে তিনজন অজ্ঞাত দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে প্রথমে কক্ষের তালা ভাঙে। পরে ড্রয়ারের তালা ভেঙে ক্যাশে থাকা আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই গংগাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন। পাম্পের মালিক লিমা ওয়াজেদ প্রাপ্তি জানান, এর আগেও কিছু ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তির ওপর তার সন্দেহ রয়েছে। আজকের ঘটনায় সরাসরি অংশ নেওয়া তিনজনসহ আরও অজ্ঞাত কয়েকজনকে তিনি দায়ী করেছেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, দিনের আলোয় এমন দুঃসাহসিক ডাকাতি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।