• ঢাকা |

পঞ্চগড়ের মাড়েয়ায় ব্যাপক সিম চাষ, লাভের আশায় কৃষক


নিউজ প্রকাশের তারিখ : ৭ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় চলতি মৌসুমে ব্যাপক হারে সিম চাষ করছেন কৃষকরা। বিশেষ করে ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়নে সিমের আবাদ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের সম্ভাবনা এবং বাজারে সিমের চাহিদা থাকায় এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। ফলন ও বাজারদর ভালো থাকলে এ মৌসুমে সিম চাষ করে ভালো লাভের আশা করছেন তারা।

বোদা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ির আঙিনা, জমির আইল ও পতিত জমিতে বাঁশের মাচা তৈরি করে সিমের আবাদ করা হয়েছে। তুলনামূলক কম খরচে চাষ করা যায় এবং ভালো ফলন পাওয়া সম্ভব হওয়ায় দিন দিন এ ফসলের চাষ বাড়ছে। অনেক কৃষক অন্যান্য ফসলের পাশাপাশি বাড়তি আয়ের আশায় সিম চাষে ঝুঁকছেন।

স্থানীয় কৃষকরা জানান, সিম চাষে বীজ, বাঁশ, মাচা তৈরি, শ্রমিক ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে খরচ হয়। তবে ফলন ভালো হলে এসব খরচ সহজেই পুষিয়ে নেওয়া সম্ভব। বর্তমানে অনেক জমিতে গাছে ফুল ও সিম আসতে শুরু করেছে। ফলে ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার প্রত্যাশায় কৃষকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

তবে কৃষকদের আশঙ্কা, উৎপাদনের সময় বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে গেলে তাদের কাঙ্ক্ষিত লাভ নাও হতে পারে। তাই সিমের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের সহযোগিতা করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে রোগবালাই দমন, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষি বিভাগের নিয়মিত পরামর্শও চান কৃষকরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোদা উপজেলায় মোট প্রায় ৫৫ হেক্টর জমিতে সিমের চাষ হয়েছে। এর মধ্যে ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়নে প্রায় ১০ হেক্টর জমিতে সিমের আবাদ করা হয়েছে। বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে মাড়েয়া ইউনিয়নেই সবচেয়ে বেশি সিমের চাষ হচ্ছে।

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী জানান, চলতি মৌসুমে উপজেলায় সিমের চাষ উল্লেখযোগ্য পরিমাণে হয়েছে। এর মধ্যে মাড়েয়া বামনহাট ইউনিয়নে প্রায় ১০ হেক্টর জমিতে সিম চাষ করা হয়েছে, যা উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে সর্বাধিক। সঠিক পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করা হলে কৃষকরা সিম চাষ থেকে ভালো ফলন ও আর্থিকভাবে লাভবান হতে পারবেন।